ব্রিজিট জর্ডান বিশ্বের সবচেয়ে বেঁটে নারী

যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী কলেজছাত্রী ব্রিজিট জর্ডান বিশ্বের সবচেয়ে বেঁটে নারী। তাঁর উচ্চতা ২৭ ইঞ্চি (৬৯ সেন্টিমিটার)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।
এর আগে সবচেয়ে বেঁটে নারীর খেতাবটি ছিল এক তুর্কি নারীর। এলিফ কোকাম্যান নামের ওই নারীর উচ্চতা ছিল ২৮ দশমিক ৫ ইঞ্চি।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, ব্রিজিট ও তাঁর ভাই ব্র্যাডকে তারা বিশ্বের সবচেয়ে বেঁটে ভাইবোনের খেতাব দিয়েছে। ব্র্যাডের উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রিজিট একজন শৌখিন নৃত্যশিল্পী ও চিয়ারলিডার।


ব্রিজিট ও ব্র্যাড দুজনই ক্যাসকাশিয়া কলেজে পড়ালেখা করছেন। ২০ বছর বয়সী ব্র্যাড কারাতে, জিমন্যাস্টিকস, বাস্কেটবল ও জাদুবিদ্যার কৌশল দেখাতে পছন্দ করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এযাবৎকালের সবচেয়ে বেঁটে নারী ছিলেন নেদারল্যান্ডের পলিন মুস্টার্স। তাঁর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি। তিনি ১৮৯৫ সালে ১৯ বছর বয়সে মারা যান। রয়টার্স।

শাওন :: অলটাইম নিউজ ::