স্বপ্নচারীর পারে যাবার প্রতীক্ষা ও...

লাল বৃত্ত

একটা মানুষ, প্রচণ্ড রহস্য নিয়ে কত অদ্ভুত ভাবে ধরা দেয় সবার কাছে, আমি অবাক হই প্রতিনিয়ত। গভীর ভাবে দেখা যুদ্ধবাজ একজন মানুষ। আসলে আমি জানিনা আমার দেখার চোখ আছে কি\'না, সত্যিই কি আমি দেখি?

 

আমি দেখি অপেক্ষাকে একটি রূপে, সে সমস্ত মানব কুলের মাঝে হেটে বেরায়। হেঁটে বেরায় সময়ের প্রশস্ত কাঁধে নিজের ভারি পায়ের স্পষ্ট ছাপ রেখে।

 

আর সেই অপেক্ষার রূপের বর্ণনা কত সাবলীল ভাবে উঠে আসে তাঁর লেখায়।

 

লেখাটি পড়ে মনে হল আমিও কোন অপেক্ষায় বসে আছি, আমরা হয়তো দুনিয়ার খেয়ালের কারণে সেই অপেক্ষাকে ক্ষণিকের তরে ভুলে বসে থাকি, কিন্তু অপেক্ষা যে আমাদের পিছু ছাড়েনা।

 

মাঝে মাঝে স্থবির হয়ে ঝিম মেরে থাকি। যেমন আজ সন্ধ্যায় আমার ছোট্ট বিছানায় কুঁজো হয়ে শুয়ে চোখ বন্ধ করে অবেক্ষণ মরার মত পড়েছিলাম। মরলে ক্যেমন লাগে বুঝার চেষ্টা করছিলাম, কেন এমন করছিলাম? নিশ্চয় কিছুর অপেক্ষায়, হ্যাঁ, আমি সেই স্বাদ গ্রহণের অপেক্ষায়। ছায়ার মত মৃত্যু ভাসে আমার চোখে। আমি তাকে দেখেও দেখিনা।

 

চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে।

 

সুফিয়ানের বাবার ঠাণ্ডা মৃতদেহ যখন খাটে তুলছিলাম তখন কি রকম একটা অশরীরী আকর্ষণে যেন তাকিয়ে ছিলাম শক্ত হয়ে যাওয়া শরীরটার দিকে। এই হাতে তার থেমে যাওয়া কর্মহীন চামড়ার স্পর্শ। চামড়াটা তো মানুষের মতই লাগছে, তাহলে কেন সে আমাদের সাথে আর থাকতে পারছেনা? তার ভেতর কিছু একটা ছিল, যা উড়ে চলে গেছে? নাকি বহুদূরের কোন কিছুর সাথে রিমোট কানেকশন ছিন্ন হয়ে গেছে?

 

এই মানুষটাও ঠিক এই সময়টার অপেক্ষায়ই ছিল?

স্তব্ধ হয়ে গেলো যেন কিছুক্ষণের জন্য চারিপাশ।

আমিও ঠিক একই অপেক্ষায়?

 

আব্বুর ফোনে ভেসে আসা কণ্ঠস্বর শুনে শুনে মনে হয় তিনি আগের মতই আছেন, কিন্তু বহুদিন না দেখা এই মানুষটিও মোটেই আগের মত নেই, হাড়ের ভেতরে ক্যলশিয়ামের মাত্রা কমতে শুরু করেছে। চুল দাড়িতে পাঁক ধরেছে, ঘাড়ের টান টান চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে। চোখগুলো ঘোলাটে হয়ে যাবার অপেক্ষায়। একদিন আব্বু আমার মতই তাগড়া জোয়ান ছিলেন, যাকে দেখে মানুষ আমাকে বলার মত করেই হয়তো বলতো \"স্যর গত চার বছরে ২/৪ দিন জ্বর হওয়া ছাড়া আপনাকে তেমন অসুস্থ হতে দেখিনি\"। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, কিন্তু কতদিন?

 

একদিন আমিও আব্বুর বয়সে পৌঁছুবো, ওটাই আমার অপেক্ষা, আমিও নিঃশেষ হবার অপেক্ষায়ই বেঁচে আছি।

 

বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায়। ঠিক স্বপ্নচারীর মত করে পারে যাবার আকাঙ্ক্ষাও আমার হয়তো আছে। কিন্তু এই অবাধ্য মন তা পাবে কিনা!! তবুও নিরাশ হইনা, কিছু সম্বল অন্বেষণের আপ্রাণ প্রচেষ্টায়...।