পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে
বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। এ নিয়ে চলতি বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়লো। এই বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্রয়ারি থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বিকালে কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা দেন। প্রথম দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। তা ১ ফেব্রয়ারি থেকে কার্যকর হবে।