বাংলা একাডেমী ফেলোশিপ পাচ্ছেন শেখ হাসিনা-অমর্ত্য

ঢাকা- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বছর বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন বাংলা একাডেমীর উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার। 

মুর্শিদ আনোয়ার জানান, কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৩০ ডিসেম্বর সকালে একাডেমীর ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই ফেলোশিপ গ্রহণ করবেন অমর্ত্য সেন ও শেখ হাসিনা। এ উপলক্ষে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে।

 

এদিকে, দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব ও জনকল্যাণমূলক অর্থনীতি নিয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন নরওয়ের অসলো থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেনের লেখা অর্থনীতি বিষয়ক বই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধানে ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।

 

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমী কর্তৃপক্ষ গত বছর মোট ১১ জন ব্যক্তিকে সম্মানসূচক এ ফেলোশিপ দেয়।