
ঢাকা- বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধান শুরু করতে পারছে না বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক র্ফরুখ আহমেদ সাংবাদিকদের বলেন, পদ্মাসেতু নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তথ্য-উপাত্ত চেয়ে বিশ্বব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে যে চিঠি পাঠানো হয়েছে- তার উত্তর এখনো আসেনি।”
“তথ্য না পাওয়ায় এ বিষয়ে অনুসন্ধানে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি,” যোগ করেন তিনি।
মহাপরিচালক বলেন, “বিষয়টি নিয়ে আমরা এখনো বিশ্বব্যাংকের চিঠির অপেক্ষায় আছি। নিয়ম অনুযায়ী অনুসন্ধানের সময় বাড়ানো হচ্ছে।”
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে।
| Tweet |