অবশেষ শাবির দুই ছাত্রের লাশ পাওয়া গেল

শাবি -সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অপহৃত দুই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে একটি খাল থেকে। বেড়াতে গিয়ে শুক্রবার ডাকাতদের কবলে পড়ে তারা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্ররা।নিহত দুই ছাত্রের নাম দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। তারা দুজনেই কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এজাজ আহমেদ  বলেন, শনিবার সকালে বাদাঘাট চ্যাঙ্গের খালে তাদের লাশ পাওয়া যায়। 

শিক্ষার্থীরা জানান, অনিক ও খায়রুলসহ আট বন্ধু মিলে শুক্রবার সন্ধ্যায় সিলেটের বাঁদাঘাট এলাকায় নৌকাভ্রমণে যান। এক পর্যায়ে আট থেকে ১০ জন ডাকাত অন্য একটি নৌকায় করে এসে তাদের ওপর চড়াও হয় এবং মোবাইল ফেনসহ টাকা পয়সা কেড়ে নেয়। 

 

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা অনিক ও খায়রুলকে তুলে নিয়ে যায় বলে জানান তাদের ফিরে আসা বন্ধুরা। 

 

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে খুনীদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত হওয়ার অনুরোধ জানান।