সিলেটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট -সিলেটের জৈন্তাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। সোমবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন। জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো চার জন। নিহতরা হলেন- সিলেট নগরীর টিলাগড়ের বাসিন্দা গোয়াইনঘাটের কুড়িহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃপ্তি রানী দে (৩০), সিলেট শহরতলীর শাহপরান এলাকার বাসিন্দা জৈন্তাপুরের বিড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ববিতা (২৪), জৈন্তাপুরের ডুপি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাসচালক আনোয়ার হোসেন (২৫), খাতুন বেগম (৫০), স্কুলছাত্র নোমান আহমদ (১০), সালমা বেগম (৪৫) ফাতেমা বেগম (৩০)। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

সাইফ