ইরানি নাবিকদের জিম্মিদশা থেকে উদ্ধার করল মার্কিন নৌবাহিনী!

 

ওয়াশিংটন: গত বেশ কিছুদিন ধরে প্রবল বিরোধ চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবস্থানের বিরোধিতা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আবার সেই নৌবাহিনীর জাহাজই ইরানের নাবিকদের জলদস্যুদের কবল থেকে উদ্ধার করল।যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী গত ৪০ দিন ধরে মাছ ধরার জাহাজসহ আরব সাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ১৩ ইরানি নাবিককে উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা।

মার্কিন নৌবাহিনী জানায়, আরব সাগরে টহলরত তাদের ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার ইউএসএস কিড জিম্মি ইরানি জাহাজ আল মোলাই বিপদসঙ্কেত পায়। মার্কিন নৌবাহিনীর অপরাধ বিষয়ক কর্মকর্তা জোশ শোমিনকি জানান, জিম্মি নাবিকদের খাবার ফুরিয়ে এসেছিল। জলদস্যুরা জিম্মি নাবিকদের জোর পূর্বক জলদস্যুতায় নিয়োজিত করারও চেষ্টা করছিল বলে মনে হয়।

মার্কিন নৌবাহিনীর সদস্যরা বিপদ সঙ্কেত পেয়েই হেলিকপ্টার নিয়ে জিম্মি জাহাজটির ওপর গত বৃহস্পতিবার অবতরণ করে এবং সেখান থেকে ১৫ জন জলদস্যুকে আটক করে। মার্কিনিদের কোন বাধা না দিয়ে জলদস্যুরা দ্রুত আত্মসমর্পণ করে। নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করা নাবিকদের খাবার, পানি এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ সহ যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানা যায়। তবে উদ্ধার করা জাহাজ সহ বিভিন্ন বিষয়ে মার্কনীরা ব্যাপক সতর্কতা অবলম্বন করে গোপনীয়তা রক্ষা করছে।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ইরানি নাবিক উদ্ধারের ঘটনাকে অবিশ্বাস্য এবং একটি বড় ঘটনা বলে বর্ণনা করেছেন।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকির মাঝে এটি কোন শান্তির সুবাতাস বয়ে আনবে কিনা সেটিই দেখার বিষয়। যদিও ইরানের পক্ষ থেকে ব্যাপারে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

 

 

ফরিদ- : : অল টাইম নিউজ : :