
জাবি- প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্নয়ন ফি বাতিলের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দিয়েছেন।
এদিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সকাল নয়টা থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিয়েছে। তারা শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ভেতরে ঢুকতে দিচ্ছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দিন আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মিছি ল-সমাবেশ নিষিদ্ধ করা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। তাঁদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে এবং এর কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।
উন্নয়ন ফি বাতিল ও বিশ্ববিদ্যালয়ে ২৭(৪) ধারা বাতিলের দাবিতে ছয় দিন ধরে আন্দোলন করে আসছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ডাক দেন। অন্য দিকে ‘শিক্ষার পরিবেশ বজায় রাখতে’ ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
| Tweet |