
পার্থের-পার্থের ওয়াকায় তৃতীয় টেস্টের শুরুতেই যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। ব্যাটসম্যানদের ব্যর্থতায় অতিথিদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৬১ রানে। জবাবে ডেভিড ওয়ার্নারের ঝড়ো শতকের সুবাদে প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৪৯ রান। টস হেরে ব্যাট করতে নামা ভারতের শুরুটা একদমই ভালো হয়নি। দিনের চতুর্থ ওভারেই বীরেন্দর শেবাগকে (০) স্লিপে রিকি পন্টিংয়ের ক্যাচ বানিয়েছেন বেন হিলফেনহস। শেবাগের মতোই দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া রাহুল দ্রাবিড়ও ব্যর্থ। মাত্র ৯ রান করে পিটার সিডলের বলে বোল্ড হয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’।
৩২ রানের মধ্যে ২ উইকেট হারানো ভারতকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীর। কিন্তু মাত্র ৪ রানের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে আবার বিপদে পড়ে যায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। শততম শতকের অপেক্ষা বাড়িয়ে টেন্ডুলকারকে (১৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন রায়ান হ্যারিস, আর ৩১ রান করে গম্ভীর হিলফেনহসের বলে কট বিহাইন্ড। ৬৩ রানে ৪ উইকেট হারানো ভারতকে সম্মানজনক সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন ভিভিএস লক্ষ্মণ (৩১) ও বিরাট কোহলি (৪৪)। কিন্তু পঞ্চম উইকেটে দুজনের ৬৮ রানের জুটির পর আবার দিগ্ভ্রান্ত অতিথিরা। লক্ষ্মণ-কোহলি দুজনই সিডলের শিকার।
এক সময় ৪ উইকেটে ১৩১ রানে পৌঁছালেও ৩০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কোনো রকমে ১২ রান করলেও শেষ চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি।৪৩ রানে ৪ উইকেট নিয়ে হিলফেনহস অস্ট্রেলিয়ার সেরা বোলার। তাকে যোগ্য সঙ্গ দিয়ে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন সিডল (৩/৪২) ও মিচেল স্টার্ক (২/৩৯)। যে উইকেটে ভারতের ব্যাটসম্যানরা আবার ব্যর্থতার লজ্জায় নীল সেখানেই ওয়ার্নার প্রতিপক্ষের বোলারদের ওপরে তান্ডব চালিয়েছেন নির্মমভাবে। দ্বিতীয় টেস্ট শতক করে দিনশেষে তিনি ১০৪ রানে অপরাজিত। ৮০ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ১৩টি চার ও ৩টি বিশাল ছক্কায়। অন্য প্রান্তে এড কাওয়ান ব্যাট করছেন ৪০ রান নিয়ে। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
বাবু ::অল টাইম নিউজ::
| Tweet |