তোমাকে ডাকতে থাকি

তোমাকে ডাকতে থাকি যেখানে রূপ,

সুদূরে যায় না চোখ, স্বপ্ন যায়;

খুঁজে ফিরি একা, যদি

দেখা পাই সেই মুখ;

ভেসে যাই দূর-দেশে

অনিদ্রায়;

রোদ-জ্বলা শুধু নীল ভালো অসুখ।

 

অনেক পথিক হই অনেক বোধে

পলাশের কাছে বলি আমার নেশা

: কুড়ানো তৃণের মায়া;

যে জানে সকল ব্যথা

সবুজের ভাঙনের

সাথীহীনের;

একাকী আবার ডাকি: কই সে ছায়া?

 

তোমার বিদায় আঁকা নদীরেখায়

মুখ গুঁজে পড়ে আছে নৌকার দিন,

ছিল ভালো পারাপার

বিনিময়ে দুই তীর

ছিল না কৃপণ তত

যত অভাব;

এখনো বৃষ্টি ধরি শোধাতে ঋণ।

তোমাকে ভাবতে থাকি উড়িয়ে পাল।