
ঢাকা- দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে এস. এম. বকস কল্লোলকে নিয়োগের বিষয়ে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর এস. এম. বকস কল্লোলকে প্রকাশক ঘোষণা করে দেওয়া জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দৈনিক আমাদের সময়ের সাবেক সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খানের এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আইনগত আর কোন বাধা না থাকলে আজ থেকে আমি আমাদের সময় বের করবো।
তবে তার আইনজীবী আখতার ইমাম বলেন, যেহেতু বর্তমান প্রকাশক ৩০ দিন তার কার্যক্রম চালাতে পারবেন না। আবার যেহেতু নাঈমুল ইসলাম খান প্রকাশক পদ থেকে অব্যাহতি নেননি সুতরাং এখন থেকে তারই প্রকাশক হওয়া উচিত।
এস.এম. বকস কল্লোলের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, আদালতের আজকের এই আদেশের ফলে আমাদের সময়ের প্রকাশক হিসেবে এস. এম. কল্লোল আর থাকছেন না। তবে সাবেক প্রকাশক নাঈমুল ইসলাম খান এ আদেশের ফলে প্রকাশক হয়ে যাননি।
সাওন ::অল টাইম নিউজ::
| Tweet |