মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

বার্সেলোনা- স্প্যানিশ লা লিগায় মেসির জোড়া গোলে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার কাতালানরা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এ  জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচ-এ নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। ক্যাম্প ন্যু তে স্বাগতিকরা প্রথম গোলের স্বাদ পায় ১০ মিনিটের মাথায় । সেস ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন জাভি।

এর দুই মিনিটের মাথায় স্বাগতিকদের দ্বিতীয়বার আনন্দের উপলক্ষ এনে দেন বার্সা তারকা লিওনেল মেসি। তবে ৩২ মিনিটে গোল হজম করতে হয় স্বাগতিক শিবিরকে। গোল করেন রিয়াল বেটিসের রোবেন কাস্ত্রো।ব্যবধান ২-১ নিয়েই বিশ্রামে যায় উভয় পক্ষ।

 

বিরতির পর বার্সা শিবিরে আবার আঘাত হানে বেটিস। রোক সান্তা ক্রুজের ৫২ মিনিটের সমতা সূচক গোলে নিস্তব্ধ হয়ে যায় স্বাগতিকরা। লিগের আগের ম্যাচের মতো এই ম্যাচেও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে বার্সেলোনা। এই ম্যাচের আগে এসপানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল কাতালানরা। তবে দলকে তৃতীয় বারের মতো আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ (৭৫ মি:)। খেলার ৪ মিনিট বাকি থাকতে সমস্ত শঙ্কা দূর করেন আর্জেন্টাইন জাদুকর মেসি। তার পেনাল্টি গোলে ব্যবধান দাড়ায় ৪-২। বেটিসের ডিফেন্ডার দোরাদোর হ্যান্ড বলের জন্য পেনাল্টির নির্দেশ দেন রেফারি। 

 

দিনের অন্য ম্যাচে অ্যাথলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে ভিয়ারিয়ালকে, রেসিং সান্তাদারে ২-০ গোলে ওসাসুনাকে ও  অ্যাথলেটিক বিলবাও ৩-০ গোলে হারিয়েছে লেভান্তেকে। এ জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় সেরা বার্সেলোনা। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। 

 

কায়েস ::অল টাইম নিউজ::