
ঢাকা- টানা দরপতন ও বিক্ষোভের পর ‘বিনিয়োগকারীদের স্বার্থে’ মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে মন্দাভাবের প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে বসে। এর পরপরই মঙ্গলবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়,পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইতে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই বোর্ড। পাঁচ মিনিটের মতো লেনদেন চলার পর বন্ধ হয়ে যায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও। সিএসই ওয়েবসাইটেও দেখা যায় একই ধরনের বিজ্ঞপ্তি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আপাতত আজ লেনদেন বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে। পুঁজিবাজারের কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড রোববার একটি প্রজ্ঞাপন জারির পর ডিএসই সূচক ৮২ পয়েন্ট পড়ে যায়। সোমবার পড়ে আরো ১৬৭ পয়েন্ট।
এর আগে কালোটাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না বলে জানানো হলেও রোববারের প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ এই সুবিধা পাবে না। এছাড়া অন্য সংস্থা প্রশ্ন করলে তার দায়িত্ব এনবিআর নেবে না।
বাজারে মন্দাভাবের জন্যে অর্থমন্ত্রী, এনবিআর ও সরকারকে দায়ী করে সোমবার বিক্ষোভ করেন সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ডিএসইর সামনের সড়ক তারা অবরোধ করে রাখেন।
খান ::অল টাইম নিউজ::
| Tweet |