
জয়পুর- রাজস্থানের জয়পুর সাহিত্য উত্সবে যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদীর। তবে শেষ মুহূর্তে রাজস্থান সরকারের আপত্তির কারণে তাঁকে এই উত্সবে যোগদান থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে.সূত্র জানায়, মুসলমানদের কয়েকটি গোষ্ঠী সালমান রুশদীকে প্রতিহত করার হুমকির প্রেক্ষাপটে রাজস্থান সরকার এই অনুরোধ জানায়। সরকারের আশঙ্কা, উত্সবে রুশদীর যোগদান ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
রাজস্থান পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমাদেরকে জানানো হয়েছে, সালমান রুশদীর সফর বাতিল হয়ে গেছে।
এ ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে জয়পুর সাহিত্য উত্সবের ওয়েবসাইটে ২০-২৪ জানুয়ারি পর্যন্ত বুকার পুরস্কারজয়ী রুশদীর পূর্বনির্ধারিত কার্যসূচিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
তবে সফর বাতিলের বিষয়ে সালমান রুশদীর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, সালমান রুশদীকে ভারতে আসার অনুমতি না দেওয়ার জন্য এ মাসের প্রথম দিকে দেওবন্দের দারুল উলুম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লেখেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই রুশদী টুইটারে লিখেন, নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন তাঁর নেই। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার রুশদীকে এ উত্সবে না আনার জন্য আয়োজকদের নির্দেশ দেয়। দ্য স্যাটানিক ভার্সেস বইটির জন্য বিতর্কিত হন সালমান রুশদী।
বান্না ::অল টাইম নিউজ::
| Tweet |