১৯২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস

দুবাই -দুবাই টেস্টের প্রথম দিনে ডান-হাতি স্পিনার সাঈদ আজমলের মারাত্মক বোলিংয়ের মুখে ১৯২ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। মঙ্গলবার দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। মোহাম্মদ হাফিজ ২২ ও তৌফিক ওমর ১৮ রানে ব্যাট করছেন। আজমল ৫৫ রান দিয়ে নেন ৭ উইকেট। টেস্টে এক ইনিংসে এটি তার সেরা বোলিং। এর আগে আরো পাঁচবার তিনি ইনিংসে ৫টি বা তার বেশি উইকেট নিয়েছেন। 

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের মারাত্মক বোলিংয়ে মুখে ৪৩ রানের প্রথম ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। 

 

এর মধ্যে প্রথম দুই উইকেট মোহাম্মদ হাফিজ ও আইজাজ চিমা পেলেও ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ইংলিশ অধিনায়ক অ্যন্ড্রু স্ট্রাউসকে (১৯) ফিরিয়ে দিয়ে নিজের প্রথম উইকেট নেন আজমল। 

 

নিজের পরের ওভারের প্রথম বলে ইয়ান বেল (০) ও চতুর্থ বলে কেভিন পিটারসেনকে (২) ফিরিয়ে দিয়ে আজমল ধ্বস নামান ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে। 

 

ষষ্ঠ উইকেটে ইয়ন মর্গানের সঙ্গে ম্যাট প্রায়রের গড়া ৩৯ রানের জুটি বিপদ সামলানোর আভাস দিলেও আবারো আঘাত হানেন আজমল, মর্গানকে (২৪) ফিরিয়ে দিয়ে। স্টুয়ার্ট ব্রডকেও (৮) দ্রুতই ফিরে দেন তিনি। 

 

অষ্টম উইকেটে গ্রায়েম সোয়ানের (৩৪) সঙ্গে ৫৭ রানের আরেকটি জুটি গড়ে লড়াইয়ে চেষ্টা করছিলেন প্রায়র। সোয়ানকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন আব্দুর রেহমান। শেষ দুই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আজমল। সঙ্গীর অভাবে অপরাজিত ৭০ রান নিয়ে সাঝঘরে ফিরতে হয় প্রায়রকে। তার ১৫৪ বলের ইনিংসে চার ৩টি। 

সফিক ::অল টাইম নিউজ::