আমি জানি কখন অ্যাটাক করা লাগে:এইচ এম এরশাদ

নীলফামারী- আগামীতে এককভাবে নির্বাচন করার কথা আবারো উল্লেখ করে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এই সিদ্ধান্ত থেকে তাকে কেউ সরাতে পারবে না। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে দুই দিনের লং মার্চ শেষে বুধবার নীলফামারীর তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এক জনসভায় তিনি বলেন, মহাজোটে যোগ দিয়ে আমি কি পেয়েছি সেটি বড় কথা নয়, তোমরা কি পেয়েছো? অত্যাচার, সন্ত্রাস পেয়েছো। তাহলে কি করা দরকার? আমি তো সৈনিক মানুষ। আমি জানি, কখন অ্যাটাক করা লাগে।” 

 

অপেক্ষা করো, সে মুহূর্ত আসলেই অ্যাটাক করবো”, যোগ করেন সাবেক এই সামরিক শাসক। এরশাদ বিকেল ৩টার দিকে নীলফামারী পৌঁছানোর আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিনি মঞ্চে ওঠার আগে জাতীয় পার্টির মহাজোট ছাড়ার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে উপস্থিত নেতাকর্মীরা। ৪টা ২০মিনিটে মঞ্চে উঠে আঞ্চলিক টানে ২৩ মিনিট বক্তব্য দেন রংপুরের সন্তান এরশাদ। এ সময় তার পরনে ছিল ছাই রঙের স্যুট, চোখে সানগ্লাস। 

 

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “একলাই নির্বাচন করবো। কালকেও যদি নির্বাচন হয়, তাহলে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। উই আর রেডি টুডে। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত আছি।পৃথিবীর কোনো শক্তি আমাকে এ সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না”, যোগ করেন তিনি। 

 

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে তিস্তা চুক্তি হবে- এমন প্রতিশ্র“তি দিয়ে এরশাদ বলেন, “বর্তমান সরকার কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারছে না। আমরা ক্ষমতায় গেলে তিস্তা চুক্তি করবো।জনসভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ বক্তব্য দেন। 

 

বেলা পৌনে ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে থেকে লং মার্চের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, “১৯৯০ সালের ৫ অগাস্ট তিস্তা ব্যারেজ উদ্বোধন করলেও সরকার তিস্তা চুক্তি করতে পারেনি। আমরা এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলবো। তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই।” 

 

তিস্তা অভিমুখে লং মার্চকে দেশের প্রতিটি মানুষের কর্মসূচি হিসেবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করবো সব দল ও মানুষ এ কর্মসূচিতে সমর্থন দেবে। মানুষের মধ্যে সুখ নেই, শান্তি নেই। আমাদের এই প্রতিবাদের কণ্ঠ ভারতে পৌঁছাক।

হাবিব অল টাইম নিউজ