পাকিস্তানের চেয়ে পিছিয়ে নেই ইংল্যান্ড

রয়টার্স- কেবল প্রথম ইনিংসে ১৯২ রানে অলআউট হয়েই যা সর্বনাশ হওয়ার হয়েছে ইংল্যান্ডের। নয়তো দুবাই টেস্টে এখন পর্যন্ত যে গতি-প্রকৃতি, তাতে বল হাতে পাকিস্তানের চেয়ে খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ড। দ্বিতীয় দিনের তৃতীয় সেশন চলাকালে ম্যাচের স্কোর কার্ডই বলছে সেই কথা। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২৫১ রান। তারা ইংলিশদের চেয়ে এগিয়ে ছিল ৫৮ রানে। তবে উইকেটের কলামটাই যা একটু পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে। এই স্কোর তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছে মিসবাহ-উল-হকের দল।

 

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। তাঁর সংগ্রহ ৮৮ রান। অফ স্পিনার গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় দুর্দান্ত এই ইনিংসটি।

 

মোহাম্মদ হাফিজ তৌফিক উমরকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন ১১৪ রানের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৫৮ রানে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে যান উমর। আজহার আলীও বিদায় নেন সেই ব্রডের বলেই। ইউনুস খান ৩৭ রানে ট্রট ও আসাদ শফিক ১৬ রানে জেমস অ্যান্ডারসনের বলে ম্যাট প্রিয়রের হাতে ধরা পড়েন।

কায়েস ::অল টাইম নিউজ::