
ঢাকা- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্ট বিভাগের বিচারক মো. নূরুজ্জামান এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চার সদস্যের সার্চ কমিটি গঠনের পরদিন সোমবার প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দুই বিচারকের নাম প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই নাম দুটি আইন মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সায় দেওয়ার পর রাষ্ট্রপতি এই দুই বিচারকের বিষয়টি চূড়ান্ত করবেন।
রাষ্ট্রপতি কমিটি গঠনের পর আপিল বিভাগের এক জন এবং হাইকোর্ট বিভাগের এক জন বিচারকের নাম মনোনীত করার দায়িত্ব প্রধান বিচারপতির ওপর দিয়েছিলেন। সে অনুযায়ী, দুই বিচারকের নাম এল। নতুন ইসি গঠনের সুপারিশ তৈরি করতে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম এবং সরকারি কর্মকমিশন চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।
এই কমিটিকে ১০ দিনের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। সার্চ কমিটি সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাদের সুপারিশ থেকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার চূড়ান্ত করে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। দুই বিচারকের নাম পাওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি নিজেদের প্রজ্ঞা ও বিবেচনাবোধ থেকে নতুন নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবে। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিদায় নিতে যাচ্ছে আগামী মাসে। নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরই সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি।
খান:: অল টাইম নিউজ::
| Tweet |