
ঢাকা- সেনাবাহিনীর অভ্যন্তরে সরকার উৎখাতে কতিপয় সেনা কর্মকর্তার অভ্যত্থানের চেষ্টা সম্পর্কে সুশীল সমাজের মন্তব্যে বিস্মিত হয়েছেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এজেন্ডার বাইরে কতিপয় সেনা কর্মকর্তার অভ্যুত্থান ষড়যন্ত্রে বিষয়টি আলোচনায় আসে। এ সময় এ অভ্যুত্থান ষড়যন্ত্র সম্পর্কে সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তির মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি হতবাক ও বিস্ময় প্রকাশ করেন বলে বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়।
সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খানের মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, আকবর আলী খান এক দায়িত্বশীল ব্যক্তি হয়েও ` টেলিভিশন টক শো`তে এই সম্পর্কে বললেন, সেনাবাহিনীর এক দেড় লাখ সদস্যের মধ্যে কয়েকজন সদস্য ষড়যন্ত্র করেছে। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। তার (আকবর আলী খানের) এ বক্তব্যে আমি হতবাক, বিস্মিত হয়েছি। উনার মতো একজন মানুষ এ ধরনের কথা কীভাবে বলতে পারেন!
এদিকে, এ ঘটনা সম্পর্কে টক শো`তে কিছু লোক কল্পকাহিনী ছড়িয়ে বিষয়টি জটিল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রিপরিষদ সভার পর বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কায়েস ::অল টাইম নিউজ::
| Tweet |