সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন

ঢাকা- সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামে এই দল বুধবার থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করেছে বলে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

 

আগে অভিযোগ পেলে ব্যবস্থা নিত বিটিআরসি, তবে এখন সিএসআইআরটি কাজ শুরু করায় সাইবার ক্রাইমের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি চলবে। রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- ওয়েবসাইটগুলোতে এমন বিষয় সনাক্ত করে ব্যবস্থা নেওয়াই হরে এই দলের মূল কাজ। 

 

কমিশনের বিশেষ সভায় সিএসআইআরটি গঠন করা হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। 

 

বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এই দল গঠন করা হয়েছে। কমিশনের সদস্য, মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পিএসটিএন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিদের এই দলে রাখা হয়েছে। মোবাইল অপারেটর ও অন্যান্যরা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

বাবু ::অল টাইম নিউজ::