ক্রসফায়ারের পর এখন মানুষ মারার কৌশল গুপ্তহত্যা

ঢাকা- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে ১৪৪ ধারার প্রয়োগ বেড়ে গেছে। আর ক্রসফায়ারের পর এখন মানুষ মারার নতুন কৌশল হচ্ছে গুপ্তহত্যা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।জয়নুল আবদিন বলেন, দেশে গুমের ঘটনা বেড়ে গেছে। গত কিছুদিনে ১৬ জনের লাশ পাওয়া গেছে। গত তিন বছরে ৩৬৫ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। তিনি বলেন, সাংসদও প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন করেন।

 

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘একজন সংসদ সদস্যকে জাতীয় সংসদ এলাকায় নির্যাতন করা হলো। অথচ এর কোনো বিচার হলো না। নির্যাতনকারী পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে।’ অনুষ্ঠানে সাংসদ রাশেদ খান মেনন বলেন, ক্রাইম রিপোর্টাররা অনেক বিষয় মানুষের সামনে নিয়ে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের ওপর পুলিশি নির্যাতনের বিষয়টি সামনে নিয়ে আসায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সবকিছু ভালোভাবে যাচাই-বাচাই করে লেখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বর্তমানে মিডিয়া ট্রায়ালের একটা প্রবণতা রয়েছে। এর কারণে সাধারণ মানুষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় না।

খান অল টাইম নিউজ