বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

ঢাকা- রাজধানীর মিরপুরে একটি সোনার দোকানে দিনে দুপুরে বোমা মেরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দোকানের কর্মচারী সুনীল আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। 

দারুস সালাম থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মিরপুর এক নম্বরে শাহ আলী শপিং কমপ্লেক্সের দোতলায় ইউরেকা জুয়েলার্সে ক্রেতার বেশে পাঁচজন যুবক ঢোকে। এ সময় তারা দোকানের ব্যবস্থাপক কামাল হোসেনকে আংটি দেখানোর কথা বলেন। কামাল হোসেন ছাড়াও সেখানে আরও দুজন নারী ক্রেতা ছিলেন। আংটি দেখার একপর্যায়ে যুবকেরা প্রথমে কামাল হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এরপর তাঁকে চাপাতি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এ সময় কামাল হোসেন তাঁদের দিকে বসার টুল ছুড়ে মারেন। এ সময় দুই নারী ক্রেতা বের হয়ে ডাকাত ডাকাত বলে চিত্কার করতে থাকেন। 

এরপর যুবকেরা মার্কেটের ভেতরে তিনটি বোমা ফাটায়। মার্কেট থেকে বের হয়ে তারা আরও দুটি বোমা ফাটিয়ে চলে যায়। বোমার আঘাতে ইউরেকা জুয়েলার্সের পাশের দোকান বিক্রমপুর জুয়েলার্সের কর্মচারী আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর শপিং কমপ্লেক্সের সব দোকান বন্ধ করা হয়।

দোকার মালিক সমিতির সভাপতি মফিজুল হক জানান, তিনি নিজ কার্যালয়ে দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বোমার শব্দ ও ডাকাত ডাকাত চিত্কার শুনে দেখেন আহত অবস্থায় একজন পড়ে আছেন। এরপরে পুরো মার্কেট ধোঁয়ায় ছেয়ে যায়। পরে তিনি দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। ইউরেকা জুয়েলার্সের কর্মকর্তা কামাল হোসেনের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই যুবকেরা দোকান থেকে কিছু সোনার গয়না নিয়ে গেছে। তবে কী পরিমাণ সোনা খোয়া গেছে, তা জানা যায়নি।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।