রোববার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ

 

ঢাকা- কাল রোববার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে সঙ্গে সব রকম ছড়ি বা লাঠি, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনের ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। 

 

কাল ঢাকায় বিএনপির গণমিছিলের কর্মসূচি রয়েছে। ওই মিছিলে চারদলীয় জোটও অংশ নেবে। এদিকে কাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ জনসভা ডেকেছে। পাল্টাপাল্টি গণমিছিল ও সমাবেশের কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না।

খান ::অল টাইম নিউজ::