
মেলবোর্ন- ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি হারান সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভাকে। এজয়ে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে হটিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি।
প্রতিযোগিতার ফাইনালে নিজের ছায়া হয়ে খেলেছেন শারাপোভা। মৌসুমের প্রথম শিরোপা জেতার নেশায় বুঁদ হয়ে থাকলেও মাঠের যুদ্ধে ২২ বছর বয়সী আজারেঙ্কার কাছে অসহায় ছিলেন রাশিয়ান তারকা। প্রথম সেটে তাকে ৬-৩ গেমে পরাজিত করেন আজারেঙ্কা। দ্বিতীয় ও শেষ সেটে ৬-০ গেমে শারাপোভাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন বিশ্ব র্যাঙ্কিংয়ের নতুন একনম্বর।
১০টি ডব্লিউটিএ ও একটি আইটিএফ শিরোপা (একক) জেতা আজারেঙ্কা প্রথমবারের মতো নিজের সাফল্যের শোকেসে তুলেছেন গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। এছাড়া র্যাঙ্কিংয়ের তৃতীয়স্থান থেকে উঠে এসেছেন একনম্বরে।
গত বছর উইম্বলডনের সেমিফাইনালে খেলেন আজারেঙ্কা। তবে পেত্রা কভিতোভার কাছে হেরে শিরোপা ছুঁয়ে দেখার স্বাদ পূরণ হয়নি। অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জয়ের তৃষ্ণা মিটেছে তার। শারাপোভার বিপক্ষে প্রায় দেড় ঘণ্টার যুদ্ধে বিজয়ী হয়েছেন এই বেলারুশ তারকা।
সফিক অল টাইম নিউজ::
| Tweet |