বাংলাদেশের রাজনীতি অশান্ত আবাস:ইকোনমিস্টে

 

ইকোনমিস্টে- শেখ হাসিনার সরকারকে উত্খাতের একটি চেষ্টা সেনাবাহিনী কর্তৃক ব্যর্থ করে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিকে ‘অশান্ত আবাস’ বলে আখ্যায়িত করেছে দ্য ইকোনমিস্ট। ‘বাংলাদেশের রাজনীতি: অশান্ত আবাস’ নামে আজ শনিবার ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী কর্তৃক ব্যর্থ করে দেওয়া অভ্যুত্থান প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘এটা অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে।’ এই পরিকল্পনায় ১৬ জন জড়িত। কর্মরত মধ্যম পর্যায়ের হতাশাগ্রস্ত কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ পলাতক ও অন্যরা বিদেশে অবস্থান করছেন। গওহর রিজভী দাবি করেছেন, ষড়যন্ত্রকারীদের হত্যা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা ও ষড়যন্ত্রকারীদের ‘সম্ভাব্য সহযোগী’ হিসেবে ঊর্ধ্বতন সামরিক কর্তা ব্যক্তিদের অপর একটি তালিকা পেয়েছে।

 

বাংলাদেশ গত ৪০ বছরে কয়েক ডজন ব্যর্থ বা সফল অভ্যুত্থান প্রত্যক্ষ করেছে। তবে ১৯ জানুয়ারি এ বিষয়ে সেনা মুখপাত্রের বিস্তারিত বিবরণ ছিল প্রথাবিরোধী। মুখপাত্র ষড়যন্ত্রকারীদের নাম উল্লেখ করে তাদেরকে অন্যদের সঙ্গে বিদ্রোহের জন্য দোষারোপ করেছেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা উগ্র ধর্মীয় বিশ্বাস ধারণ করছে।

সেনাবাহিনীর এই কর্মকর্তারা শেখ হাসিনা ওয়াজেদের নির্বাচিত সরকারকে এখনই উত্খাত করতে চায়। এদের মধ্যে ইসলামপন্থীরা আছে, যাদের অনেকেই ২০০০ সালের শুরুর দিকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা চলমান যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে।

 

সরকারের কর্তৃত্ব নিশ্চিত করে রিজভী দাবি করেছেন, ঢাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত। তিনি বলেছেন, সেনাবাহিনীর শৃঙ্খলা প্রশংসনীয়। গত কয়েক বছর আগের তুলনায় উর্দিধারীরা এখন আর রাজনীতিতে আগ্রহী নয়। তবে এই প্রশান্তি সবার মধ্যে নেই। অনেক সাধারণ বাংলাদেশি বিশ্লেষক কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। ফোনে আড়িপাতা হচ্ছে বলে তাদের মধ্যে একটি অনুমান কাজ করছে। 

এদিকে বিদেশে অবস্থানরত ইশরাক আহমেদ স্বীকার করেছেন, গ্রেপ্তারকৃতরা তাঁর বন্ধু। তবে ধর্মীয় উগ্রবাদের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সরকার এই ষড়যন্ত্র প্রমাণে কোনো সামরিক তত্পরতা, অস্ত্রের ব্যবহার বা অন্যকিছু দেখাতে পারবে না।

হাবীব  ::অল টাইম নিউজ::