ক্যাম্পাস

বাঁধন সোহ্রাওয়ার্দী হল ইউনিটের আয়োজনে চা চক্র-২০২৬

Published

on

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বাঁধন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ইউনিট এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘চা চক্র-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হলের কমনরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের লক্ষ্য ছিল নবীন শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বাঁধনের কার্যক্রমের সঙ্গে তাদের পরিচিত করা।

অনুষ্ঠানে বাঁধন কেন্দ্রীয় পরিষদ, বাঁধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ, বিভিন্ন হল ইউনিটের কর্মীবৃন্দ, বাঁধন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ইউনিটের উপদেষ্টা ও কর্মীবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীরা নিজেদের নাম, শিক্ষাবর্ষ ও রক্তের গ্রুপসহ পরিচয় দেন। পরে বাঁধনের প্রতিষ্ঠার পটভূমি, সংগঠনের কার্যক্রম, রক্তদানের যোগ্যতা ও রক্তদানের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাঁধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ ও হল ইউনিটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নবীনদের অবহিত করা হয়।

বাঁধন,হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী হল ইউনিট এর সভাপতি মোঃ লিমন মিয়া বলেন, “বাঁধনের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আমি উপলব্ধি করেছি, একজন মানুষের রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। আমাদের হলের নবীন শিক্ষার্থীদের শুধু রক্তদানে উৎসাহিত করাই নয়, মানবিক মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরির জন্যও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আশা রাখি, আজকের চা চক্র থেকে নবীনরা ভবিষ্যতে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবায় অংশ নেবে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থী নাজমুল বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে বাঁধন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আগে রক্তদানকে শুধু একজন মানুষের রক্ত দেওয়ার বিষয় হিসেবে দেখতাম। কিন্তু আজ বুঝতে পেরেছি, একজনের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। ভবিষ্যতে আমি নিজে রক্তদানে অংশ নেওয়ার পাশাপাশি অন্যদেরও রক্তদানে উৎসাহিত করতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। ‘Every Blood Donor Is a Hero’ এবং ‘Every 4 Months You Have the Opportunity to Touch Someone’s Heart’ বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং কুইজের আয়োজন করা হয়। যেখানে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version