রাজনীতি

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

Published

on

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশের পর তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমাদের হাতে বহুবার হাতকড়া লেগেছে। আমরা হাতকড়াকে নববধূর চুড়ির মতো মনে করি।’ পাশাপাশি তিনি লতিফ সিদ্দিকীকে ‘নিষ্পাপ মানুষ’ দাবি করে তাকে সম্মানজনক আচরণ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোয় প্রতিক্রিয়া জানান তার ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকী।

হাতকড়াকে নববধূর চুড়ির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পরেছে। আমরা এটাকে খুব খারাপ কিছু মনে করি না।

কাদের সিদ্দিকী বলেন, নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। এটা তার অধিকার। লতিফ সিদ্দিকীও তেমন কথাই বলতে চেয়েছিলেন। কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত।

লতিফ সিদ্দিকীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তার ৮৭ বছর হয়ে গেছে। এখন যদি কোনো অপরাধের দায়ে (যা তিনি করেননি) তার ফাঁসি হয়, তাহলে আমরা সাদরে গ্রহণ করবো। কারণ আল্লাহতায়ালা তাকে তখন মুক্তি দেবেন।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ-পরবর্তী ঘটনায় লতিফ সিদ্দিকীকে পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, পরিকল্পনাকারী বলা যায় না। কারণ তিনি “কিচেন কেবিনেটেও” ছিলেন না। তিনি তখন পাটমন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পর রাতে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version