বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন ও তাদের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-এর ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, একদিকে “গণশত্রুদের” মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সাদিক কায়েম বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাই আন্দোলনকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে। যারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবেন না। “অচিরেই আপনারাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন,”—উল্লেখ করেন তিনি।
রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় জামায়াতের উদ্বেগ
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নাটকীয় রদবদলের পর সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
গণভোট ও জুলাই সনদকে উপেক্ষা করে পুরনো কায়দায় দলীয়করণ এবং রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তনকে তিনি পরিবর্তনকামী মানুষের রায়ের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জাতির ভাগ্যে দাসত্ব নেমে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, “সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।