রাজশাহীতে আজ নির্বাচনি সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ভোর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তারা।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে প্রথমে তিনি হযরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি স্থানীয় মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।
সমাবেশে তারেক রহমান ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইবেন এবং জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।
রাজশাহীর কর্মসূচি শেষে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন বিএনপির এই শীর্ষ নেতা। পথে নওগাঁ জেলার এটিএম মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে রাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়ে এ অঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন তারেক রহমান।
দলীয় কর্মসূচি অনুযায়ী, পরদিন তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও একটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এরপর বগুড়ায় রাত্রিযাপন করবেন। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।