নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের ৯টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অল্প সময়ের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয় বেপজা কর্তৃপক্ষ।
এ বিষয়ে বক্তব্য জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।