যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ একটি ‘স্বল্পমেয়াদি অভিযান’ হতে পারে। তবে ইরানকে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত’ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলবে বলেও জানান তিনি।
ফ্লোরিডায় সোমবার রিপাবলিকানদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা কিছুটা অভিযান চালিয়েছি, কারণ কিছু অশুভ শক্তিকে সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। আমার মনে হয় এটি একটি স্বল্পমেয়াদি অভিযানই হবে।”
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি এই পদক্ষেপ না নিত, তাহলে দুই সপ্তাহের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতো।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক সক্ষমতাকে ‘চূর্ণবিচূর্ণ’ করে দিচ্ছে এবং দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে’।
তিনি বলেন, “ইরানের নৌবাহিনী আর নেই। সবই এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে- ৪৬টি জাহাজ।”
একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযানের সময় ইরানের শীর্ষ নেতাদেরও একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ১৫০ জনের বেশি স্কুলছাত্রী এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা।
এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় অন্তত সাতজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।