পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথা উল্লেখ মন্ত্রী বলেন, ‘যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
সড়কে পশুর হাট বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সড়কমন্ত্রী বলেন, ‘সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে। আমাদের পশু বিক্রি ও ঈদ যাত্রা দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।’
একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি