জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ মন্তব্য করেন তিনি।ফেসবুক পোস্টে তিনি লিখেন, জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে। কাদের প্ররোচনায় এই নির্বাচন পিছিয়েছে, তা সবাই জানে। এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে কারা চক্রান্ত করেছিল, সেটিও সবার কাছে পরিষ্কার। জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।
প্রসঙ্গত শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেদিন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় স্থগিত হয় ভোট গ্রহণ। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে দুপুর দুইটায় এক সিন্ডিকেট মিটিং শেষে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।