জার্মানির ডর্টমুন্ড শহরে একটি পাঁচতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনে থাকা দুটি বাংলাদেশি পরিবার অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, ভবনটির নিচতলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ওই ভবনের ওপরের তলাগুলোতে দুটি বাংলাদেশি পরিবার বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় তারা ভবনের ভেতরে থাকলেও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন কেবল নিচতলার মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। ফলে কোনো বড় ধরনের প্রাণহানি বা আর্থিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।