নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাকিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে বহিষ্কারের এই খবরে ক্ষুব্ধ না হয়ে উল্টো সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার রাতে এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা শাখার অধীন সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সোলেমান রাজু ও ওমর ফারুক শাকিল এবং সেনবাগ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ বিন হায়দার আদনানকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
মিষ্টি বিতরণে আলোচনায়
বহিষ্কারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই সেনবাগে মিষ্টি বিতরণ শুরু করেন ওমর ফারুক শাকিল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমি খুশিতেই মিষ্টি বিতরণ করছি। আলহামদুলিল্লাহ। পদত্যাগের পরও বহিষ্কার—এটাই বাস্তব। একজন ওমর ফারুক শাকিল আবিষ্কার কঠিন, বহিষ্কার সহজ।”
তিনি আরও বলেন, “প্রহসনমূলক বহিষ্কার দিয়ে বসন্তের আগমন ঠেকানো যায় না। ইনশাল্লাহ, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী মোহাম্মদ মফিজুর রহমানের সঙ্গেই আছি। ১২ তারিখ তাকে নির্বাচিত করেই ঘরে ফিরব।”
ধারণা করা হচ্ছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার কারণেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।