top3

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেব না: নাহিদ ইসলাম

Published

on

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

রোববার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। অতীতে এ বাঁধ নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি অর্থবছরেও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বাজেটের একটি টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না।

তিনি জানান, সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হবে।

চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, পুরো দেশের মানুষ চট্টগ্রামবাসীর দুর্দশা নিয়ে উদ্বিগ্ন। তিনি সারা দেশের সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সরকারের অবহেলা বা অন্য যেকোনো কারণেই হোক, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় দোষারোপ না করে দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version