top3

যশোরে মোটরসাইকেল থেকে গুলি, নিহত যুবক

Published

on

যশোরের মনিরামপুরে মাথায় গুলি করে রানা প্রতাপ বৈরাগী নামে (৪৩) এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ওই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে রানাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরেকটি চরমপন্থি সংগঠনের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আকতার ফারুক মিন্টু বলেন, ‘কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগীর একটি বরফকল রয়েছে। আজ সন্ধ্যায় সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, রানা প্রতাপ চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি বরফকলের ব্যবসা করছিলেন। 

হত্যাকাণ্ডের খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ওসি রজিউল্লাহ খান বলেন, রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version