রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গুর বিস্তার রোধ, প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির জন্য ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করেছে রাবি শাখা ছাত্রদল।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর হল প্রাঙ্গনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হলের আশেপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
এসময় সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচি তিন মাসব্যাপী চলমান থাকবে। প্রথম দুইদিন হলগুলো এবং পরবর্তী সপ্তাহে ছাত্রদলের নেতাকর্মীরা হল ও একাডেমিক ভবন গুলোর আশেপাশের জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি পরিষ্কার করবেন। পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবি জানাবো যেন, পুরো ক্যাম্পাসকে পরিচ্ছন্নতার আওতায় আনা হয়।
তিনি আরও বলেন, আমরা চাই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী অসুস্থ হোক অথবা কোনো শিক্ষার্থী দুর্ঘটনায় পড়ুক, এজন্যই আমরা আজকের এই কর্মসূচির উদ্যোগ নিয়েছি।আমরা আজকে এবং কালকে দুই দিন হলে পরিষ্কার অভিযান পরিচালনা করবো। এবং আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো যে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় নিয়ে যেনো নিজের হল, একাডেমিক ক্লাস এবং নিজের আঙিনা পরিষ্কার করে।’
এছাড়াও শাখা ছাত্রদলের সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন হতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্বে আশেপাশের ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। আমরাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই কার্যক্রম অব্যাহত রাখবো।
এই অভিযানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।