ইবি প্রতিনিধি
গণমাধ্যমে প্রকাশিত সরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বিবৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, “অতি সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শে উদ্বুদ্ধ এই শিক্ষকগণের এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা ও নিষিদ্ধ কার্যক্রমের জন্য ইউট্যাব ইবি শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইবি প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করবেন বলে আমরা আশা করছি।
তারা আরও বলেন, “বিপ্লবী জুলাই-আগস্টের চেতনা সকল মহল ধারণ করবে এবং প্রতিটি পর্যায়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষার একটি অগ্রগতিশীল ধারা অব্যাহত রাখবে এটি আমরা প্রত্যাশা করছি। শিক্ষার পরিবেশ ব্যাহতকারী সকল সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায়বিচার দাবি করছি।”