শাবিপ্রবি প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ধারাবাহিক আয়োজন ‘সোশিওলজি ফুটবল এনকাউন্টার সিজন-৫’ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। এবারের টুর্নামেন্টের আয়োজক হিসেবে রয়েছে সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, সাস্ট।
আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন ঘোষণা করেন সোশিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলামিন, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. আলমগীর মিয়া।
টুর্নামেন্টের সহ-আহ্বায়ক (কো-কনভেনর) দীপ্ত বেগ জানান, এবারের টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো দ্য ডিকটেটর, রেকলেস ২৭, গ্ল্যাডিয়েটরস এবং ইনভিন্সিবল-৭। নিলামের (বিডিং) মাধ্যমে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে দলগুলো গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, টুর্নামেন্টকে কেন্দ্র করে গত ১৫ জুলাই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক অ্যালামনাইদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি ও চার দলের জার্সি উন্মোচন করা হয়। একই সঙ্গে দলের অধিনায়কদের নিয়ে ট্রফিসহ বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থানগুলোতে ফটোশুট করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ‘টিম দ্য ডিকটেটর’ এবং ‘রেকলেস ২৭’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটিতে ১-০ গোলে জয়লাভ করে ‘দ্য ডিকটেটর’। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ‘গ্ল্যাডিয়েটরস’ ও ‘ইনভিন্সিবল-৭’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী ৪টি টিম প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে মোট ম্যাচ হবে ৬টি। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।