ডিজিটাল ডেস্ক:
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান বলেছেন, শুধু পেশাগত দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদুর রহমান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে শিক্ষার্থীরা একদিকে দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করবে, অন্যদিকে মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।