top1

‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই, সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদ আহ্বান করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সংবিধানে ‘সংস্কার পরিষদ’ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই সনদে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, তা বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের বিধান নেই।”

এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওইদিন রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।

প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রোববারের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগের প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সভায় সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করা হবে।

সংসদ সচিবালয় আরও জানায়, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

ঈদযাত্রায় কড়াকড়ি

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে মোবাইল কোর্ট সক্রিয় থাকবে বলে সংসদীয় কার্যক্রমে জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version