রাজধানীর মহাখালীর ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা রাষ্ট্র গঠন, শিক্ষা, কর্মসংস্থান, যানজট, সাইবার বুলিং, গ্যাস-পানি সংকটসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে তাদের ভাবনা তুলে ধরেন। এ সময় জাইমা রহমান বলেন, সুযোগ সৃষ্টি করা গেলে সব ধরনের মানুষই রাষ্ট্র গঠনের কাজে অংশ নিতে পারে। উদ্দেশ্য এক হলে বিভিন্ন জায়গা থেকে মানুষ কাজ করতে আগ্রহী হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, একা কোনো পরিবর্তন সম্ভব নয়—সমষ্টিগত উদ্যোগ প্রয়োজন। জুলাই আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের বিষয়েও পরিবারের পক্ষ থেকে উদ্বেগ ও আলোচনা রয়েছে বলে জানান তিনি।
আড্ডায় শিক্ষার্থীরা ঢাকা শহরের যানজট, পরিবেশ দূষণ, সড়ক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরেন। জাইমা রহমান বলেন, নিরাপদ সড়ক, হাঁটার উপযোগী পরিবেশ ও সবুজায়ন নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। জাইমা রহমান বলেন, নতুন প্রজন্মের মাধ্যমেই এ দূরত্ব কমানো সম্ভব।
আয়োজকদের জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫৫ জন শিক্ষার্থী অংশ নেন।