ডিজিটাল ডেস্ক
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে হামলায় এক ভারতীয় নাবিক নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় নয়া দিল্লিতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার। হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলার বিষয়ে ব্যাখ্যা চাইতে ইরানি কূটনীতিককে ডেকে পাঠায়।
প্রতিবেদনে বলা হয়, ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামের দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চলাচলের সময় হামলার শিকার হয়।
এ ঘটনায় ‘মোম্বাসা’ জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি ট্যাংকারেই আগুন ধরে যায় এবং জাহাজ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আমিরাত সরকার এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে। একই সঙ্গে নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছে তারা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে অর্থ আদায়ের পরিকল্পনার কথা জানানোর পর মঙ্গলবার ভোরে ইরানে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১১ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গত মাসেও একটি জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারান।
সূত্র: এনডিটিভি