top1

অতিরিক্ত জ্বালানি চেয়ে ভারতকে চিঠি দিল বাংলাদেশ

Published

on

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “আপদকালীন পরিস্থিতি সামাল দিতে আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। বর্তমানে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে মাসে ১৫ হাজার টন ডিজেল আসছে, আমরা এর বাইরে অতিরিক্ত সরবরাহ চেয়েছি।”

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ সরকারের চিঠিটি আমরা গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন এই সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বর্তমানে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের প্রধান মাধ্যম হলো ১৩১ কিলোমিটার দীর্ঘ ‘মৈত্রী পাইপলাইন’। ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়।

বিদ্যমান চুক্তি অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে এই সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version