top1

অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আ.লীগ: আইন উপদেষ্টা 

Published

on

আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন। বৈঠকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আসিফ নজরুল বলেন, নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান, জোর করে কাউকে নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। আওয়ামী লীগের কারও মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি। বরং তারা বিদেশে বসে জুলাই গণঅভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন।

তিনি আরো বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিচার চলছে এবং দলটির শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তবে ওই সময়ের ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি।

নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দেশে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে নারীদের অংশগ্রহণে প্রভাব ফেলবে না। বরং এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের শাসনামলে হিজাব ও বোরকা পরা নারীদের একটি বড় অংশ নানা ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে সেই নারীদের বড় অংশ আগ্রহের সঙ্গে ভোট দিতে আসবেন বলে তিনি মনে করেন।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর ও জনজীবনে নারীদের আরো বেশি অংশগ্রহণ প্রয়োজন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version