আন্তর্জাতিক

ইরানের অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চক্রান্তের অভিযোগ খামেনির

Published

on

ইরানে চলমান অস্থিরতা ও বিক্ষোভকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে দীর্ঘ নীরবতা ভেঙে তিনি এই মন্তব্য করেন।

খামেনির বক্তব্যে, সাম্প্রতিক বিক্ষোভ কোনো সাধারণ ইরানির স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়; বরং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি থামাতে পশ্চিমা শক্তিগুলোর সাজানো চক্রান্তেরই অংশ। তিনি বলেন, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু নিঃসন্দেহে একটি হৃদয়বিদারক ঘটনা, যা সবাইকে শোকাহত করেছে। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তার দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং মাহসা আমিনির মৃত্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উসকে দিয়েছে। ভাষণের এক পর্যায়ে তিনি নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে ও পবিত্র স্থানে হামলা চালাচ্ছে, তারা আসলে ইরানের শত্রুদের এজেন্ডাই বাস্তবায়ন করছে।

খামেনি আরও বলেন, ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের ঐক্য ও সংহতির পক্ষে রয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিদেশের মদদে যারা দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এই অস্থিরতা দেশের উন্নয়নযাত্রাকে থামাতে পারবে না।

সূত্র: সামা টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version