ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
পরিচালক আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে। সেখানে পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান। শুটিং শেষে তিনি দেশে ফিরেছেন এবং খুব শিগগির ঢাকায় শুরু হবে ছবির পরবর্তী অংশের কাজ।
সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র এশিয়া পোস্টকে জানায়, ‘রকস্টার’ সিনেমার পুরো টিম এরই মধ্যে মালয়েশিয়া থেকে সফল শুটিং শেষে ঢাকায় ফিরেছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ২৩ দিন শুটিং চলবে। এর মধ্যে একদিন শ্রীমঙ্গলে শুটিং হবে। তার পরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি শুরু হবে সিনেমাটির।
এর আগে ২৮ মার্চ নিজের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ভিন্ন এক স্টাইলে হাজির হয়ে ভক্তদের চমকে দেন শাকিব খান। কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—সব মিলিয়ে এক সাহসী ও আধুনিক লুকে ধরা দেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সব মিলিয়ে ‘রকস্টার’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশন প্রযোজনা করেছে ‘রকস্টার’।