নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই ৪৮৭ নিহত এবং ১ হাজার ১৯৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রাপ্ত তথ্যমতে, ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন; যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সড়কে নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। পেশাগত পরিচয়ে নিহতদের মধ্যে পুলিশ সদস্য দুজন, শিক্ষক ১৩ জন, চিকিৎসক দুজন, সাংবাদিক ৬ জন, আইনজীবী ৪ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী ১১ জন, এনজিও কর্মী ১৯ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, বিক্রয় প্রতিনিধি ২৬ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন এবং শিক্ষার্থী ৫৭ জন রয়েছেন।
সড়ক ছাড়াও এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
বিভাগভিত্তিক নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জন ঢাকা বিভাগে, সবচেয়ে কম ১৮ জন সিলেট বিভাগে। এ ছাড়া শুধু রাজধানীতে ১৮ জন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।